অবশেষে বিসিবির দুর্নীতি প্রকাশ্যে আসল




সম্প্রতি ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারের পতন ঘটেছে, যার পর থেকে দেশের বিভিন্ন সেক্টরে পালাবদলের হাওয়া লেগেছে। এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে ক্রিকেট বোর্ডে। আইসিসির নিয়ম অনুযায়ী পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতির পদে।


দীর্ঘদিন ধরে বিসিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসা নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী পরিচালকদের মাধ্যমে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে প্রথমবারের মতো গতকাল অনুষ্ঠিত হয়েছে বোর্ড সভা।


সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ জানিয়েছেন, পূর্ববর্তী বোর্ড প্রধান পাপনের নেতৃত্বে বিসিবিতে কিছু দুর্নীতির ঘটনা ঘটেছে, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফারুক প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভবিষ্যতে এমন দুর্নীতির পুনরাবৃত্তি রোধ করতে তিনি একটি সিস্টেম তৈরি করবেন।


বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, "কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করার সুযোগ নেই।" তিনি আরও বলেন, "বোর্ড এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, তাই ভবিষ্যতে বোর্ডের কাজের ধরন আগের চেয়ে অনেক কিছুতেই ভিন্ন হবে।"


জাতীয় দলের কোচ চান্দিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে ফারুক আহমেদ জানান, "সফরের মাঝখানে কোনো পরিবর্তন আনা ঠিক হবে না। বোর্ড প্রধান হিসেবে যেকোনো সিদ্ধান্ত নেওয়া যায়, তবে আমাদের এমন কিছু করতে হবে না, যাতে অন্য কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয়। টেস্ট সিরিজটা শেষ হোক, আমরা সবার মতামত নিচ্ছি। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পাবেন।"

Post a Comment

Previous Post Next Post